অভিভাবক ঐক্য ফোরামের সংবাদ সম্মেলন

সমাপনী পরীক্ষা বাতিল ও কোচিং বাণিজ্য নিষিদ্ধের দাবি

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২১:৫৬
পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল এবং কোচিং বাণিজ্য নিষিদ্ধের দাবি জানিয়েছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, শিক্ষাক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি, অবৈধ ভর্তি কোচিং ও শিক্ষা বাণিজ্য মহামারী রূপ নিয়েছে। নামকরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি নীতিমালা উপেক্ষা করে টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রী ভর্তি করানোর অভিযোগ উঠছে। বিভিন্ন যুক্তি তুলে তিনি আইনের মাধ্যমে কোচিং এবং শিক্ষা বাণিজ্য নিষিদ্ধের দাবি জানান।
 
জিয়াউল কবির বলেন, সরকার কোচিং বাণিজ্য বন্ধে একটি নীতিমালা জারি করলেও এই নীতিমালা মোটেই বাস্তবায়ন হচ্ছে না। অন্যদিকে এই নীতিমালার মাধ্যমে শিক্ষকদের কোচিং করার নৈতিক অধিকার দেয়া হয়েছে, যার প্রতিবাদ জানিয়েছে আসছেন অভিভাবকরা।
 
তিনি বলেন, রাজধানীসহ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নিজ স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট- কোচিং করাচ্ছে। অথচ নীতিমালায় বলা আছে, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে পারবে না। এ অনিয়মগুলো শিক্ষামন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের গোচরে হলেও সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। সম্মেলনের শেষে কর্মসূচি ঘোষণা করা হয়।
 
কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ১৭ মার্চ থেকে ২৪ মার্চ স্কুলে স্কুলে গণসংযোগ ও লিফলেট বিতরণ, ২৫ মার্চ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ২ এপ্রিল মত বিনিময় সভা।
 
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহসভাপতি সেলিম উদ্দিন, ফাহিম উদ্দিন, সদস্য শওকত উল আলম, আব্দুস সোবাহান, সোহেলী আক্তার তানি প্রমুখ উপস্থিত ছিলেন।