রোহিঙ্গাদের নিরাপদে স্থায়ী প্রত্যাবাসন চায় বাংলাদেশ :স্পিকার

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহায়তায় কূটনৈতিক প্রক্রিয়ায় দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসন চায় বাংলাদেশ। এক্ষেত্রে মিয়ানমারের সদিচ্ছাই দিতে পারে রোহিঙ্গা সমস্যার দ্রুত ও টেকসই সমাধান। গতকাল বৃহস্পতিবার মরক্কোর রাবাতে অনুষ্ঠিত পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্যা ওআইসি মেম্বার স্টেটস-পিইউআইসি’র ১৪তম সম্মেলনে জেনারেল কমিটির সভায় দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়— সম্মেলনে স্পিকার বলেন, মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘের ৭২তম অধিবেশনে রোহিঙ্গা সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেন। তার এই পাঁচ দফা প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন সম্ভব। এসময় তিনি পিইউআইসি’র প্রতিনিধি দলকে গত বছর ১০ থেকে ১৩ সেপ্টেবর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করায় ধন্যবাদ জানান।

 সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এস এম শাহজাদা এমপি, সৈয়দা জাকিয়া নূর এমপি, মাসুদ উদ্দিন চৌধুরী এমপি ও সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান অংশ নেন।