সীতাকুণ্ডে নগদ টাকাসহ ৫ লক্ষ টাকার মালামাল লুট

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১২:৪০
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
 
জানা গেছে, বুধবার দিবাগত রাত দুইটায় সীতাকুণ্ড পৌরসভাস্থ দক্ষিণ ইদিলপুর গ্রামের কুয়েত প্রবাসী ফসিউল আলমের বাড়িতে ১৫/১৬ জনের একদল ডাকাত দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে ঘরের সকলকে বেঁধে নগদ এক লক্ষ ৫০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণ, এসপি কোম্পানির একটি ল্যাপটপ (মূল্য ৫০ হাজার টাকা), বিদেশ থেকে আনা চারটি স্ক্রিন টাচ মোবাইল, ২০ হাজার টাকার নতুন কসমেটিকস ও মূল্যবান শাড়িসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। নগদ টাকাসহ লুট করা মালামালের মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।
 
এলাকাবাসীর ধারণা, এ ডাকাতির সঙ্গে এলাকার কেউ সম্পৃক্ত রয়েছে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান (ওসি) বলেন, ‘এ ব্যাপারে এখনো কিছু জানি না। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’