বটিয়াঘাটায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা, গুলিবিদ্ধ ১

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১২:০৫
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ইউপি নির্বাচনের গণসংযোগকালে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। এ সময় প্রার্থীর মোটরসাইকেল চালক গাওঘরা গ্রামের ইরফান আলী দফাদারের পুত্র জাহাঙ্গীর (৩৪) গুলিবিদ্ধ হন।
 
বৃহস্পতিবার রাতে উপজেলার সুরখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীরকে  রাত তিনটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এনামুল হক জানান, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুসফিকুর রহমান সাগর মধ্য রাতের দিকে ৩/৪টি মোটরসাইকেলে করে পারসেমারী গ্রামে গণসংযোগে যান। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫/৬ জন সন্ত্রাসী সাগরকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। এ সময় তার চালক জাহাঙ্গীর দফাদারের ডান হাতে গুলিবিদ্ধ হন।
 
জেলা ছাত্রলীগ সম্পাদক মুসফিকুর রহমান সাগর ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী সরদার দুজনই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দল প্রথমে আব্দুল হাদী সরদারকে মনোনয়ন দেয়। সোমবার সাগর উচ্চ আদালতে রিটের মাধ্যমে নৌকা প্রতীক তার পক্ষে এনে নির্বাচনী প্রচারে নামেন।