বিএনপির কাউন্সিল, শাহবাগ-পল্টনে দীর্ঘ যানজট

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১১:৫৮
 
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল ঘিরে শাহবাগ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে আটকা পড়েছে শতশত গাড়ি। এতে দুর্ভোগে পড়েছেন সমাবেশে আসা নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। শনিবার সকাল থেকেই নেতা-কর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে জমায়েত হচ্ছেন। 
 
এতে শাহবাগ, কাটাবনসহ রাজধানীর রামপুরা-বাড্ডা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে শতশত গাড়ির জটলা বেধে গেছে। এতে করে কর্মমুখী মানুষ রাস্তায় আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন। বিএনপি নেতারা এ পরিস্থিতির জন্য দায়ী করছেন পুলিশ প্রশাসনকে। কাউন্সিলের জন্য ভেন্যুও উপযুক্ত নয় বলে দাবি তাদের।
 
সকাল থেকেই রাজধানীর শাহবাগ গোলচত্বর থেকে ফার্মগেট ও শাহবাগ হয়ে জাতীয় প্রেসক্লাবমুখী সড়কের আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা গাড়িতে চেপে সকাল ৭টার দিকে মৎস্য ভবনের দিকে যেতে থাকেন। এ ছাড়া ঢাকার আশপাশ থেকেও দলের হাজারো  নেতা-কর্মী-সমর্থক সমাবেশে যোগ দেন। যানজটের কারণে তাদের বহন করে আনা বাস ও ট্রাকগুলো নির্ধারিত সময়ে কাউন্সিলস্থলে পৌঁছতে পারেনি। মতিঝিল এলাকা থেকে কেউ কেউ পাবলিক বাসে চাপলেও দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকার পর গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন।