গাজীপুরে ব্যাংক কর্মকর্তাকে হত্যা, স্ত্রী ও ছেলেসহ আটক ৩

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১২:১১
গাজীপুরে এক ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগে তার স্ত্রী, ছেলে ও শ্যালিকাকে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার দিবাগত রাতে গাজীপুর জেলা শহরের বরুদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যাংক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন খান (৬০) নগরীর শরীফপুর সোন্ডা এলাকার মৃত সিরাজ উদ্দিন খানের ছেলে। আটকরা হলেন- নিহত গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৫০), ছেলে শাহরিয়ার মানিক (৩০) ও শ্যালিকা পারভিন আক্তার (৪০)।
 
নিহতের ছোট ভাই ইসলামী ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন খান জানান, স্ত্রী সন্তান নিয়ে গিয়াস উদ্দিন শহরের বরুদা এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি গাজীপুরে সোনালী ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার ছিলেন। সম্প্রতি তিনি এলপিআর-এর ছুটিতে ছিলেন।  তিনি অভিযোগ করেন, স্ত্রী ও ছেলে টাকা পয়সার জন্য প্রায়ই গিয়াস উদ্দিনের সঙ্গে বিবাদ করতো।
 
মহিউদ্দিন খান আরো জানান, শুক্রবার রাত আটটার দিকে গিয়াস উদ্দিন মোবাইল ফোনে স্ত্রী ও সন্তান মিলে তাকে হত্যা করতে পারে বলে আত্মীয়-স্বজনদের কাছে শংকা প্রকাশ করেন। রাত সাড়ে ১১টার দিকে তার ভাইয়ের অবস্থা আশংকাজনক বলে খবর পান। পরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম জানান, গিয়াস উদ্দিনকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
 
জয়দেবপুর থানার এসআই হুমায়ুন কবির শনিবার সকালে মর্গে এসে লাশের সুরতহাল করেন। তিনি জানান, নিহতের ঘাড়ে সুই জাতীয় বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও সন্তানসহ তিনজকে আটক করা হয়েছে।