তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরতলীর আনোয়ারপুর এবং নোয়াগাঁও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এলাকাবাসী জানায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র শনিবার দুপুরে আনোয়ারপুর এবং নোয়াগাঁও গ্রামবাসীর মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আনোয়ারপুর বাইপাস সড়কসহ আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫ রাউন্ড টিয়ার সেল ও ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ চলে গেলে বিকেল ৩টার দিকে তারা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় মুরুব্বীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
