সিলেট অফিস
নিউজিল্যান্ডে হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যে দেশগুলো নিজেদেরকে সন্ত্রাসমুক্ত বলে; সে দেশে এমন হামলা অনেক দুঃখজনক। নিউজিল্যান্ডে আমাদের কোনো দূতাবাস নেই। এ কারণে বিভিন্ন মাধ্যম দ্বারা খোঁজ-খবর নিতে হচ্ছে। তবে আমাদের ক্রিকেটাররা ভালো এবং সুস্থ আছেন। বর্তমানে নিউজিল্যান্ডের আইন-শৃঙ্খলাবাহিনী আমাদের ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। গতকাল শুক্রবার ওই হামলার ঘটনার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী ঢাকার গুলশানের হলি আর্টিজানের সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে বলেন, আমাদের দেশেও এরকম সন্ত্রাসী হামলা হয়েছিল। সে হামলার খবরও আমরা আগে থেকে জানতাম না। একইভাবে নিউজিল্যান্ডে এ সন্ত্রাসী হামলা হয়েছে। এ রকম হামলা আগে থেকে ধারণা করা মুশকিল। তাই এটিকে দুর্ঘটনাই বলা যায়। ব্রিফিংকালে সিলেটনগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
