মঙ্গলবার প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ ভোট সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ নির্বাচনে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন রবিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত।
এদিকে মঙ্গলবার প্রথম ধাপে ৭২১টি ইউপিতে ভোটের সব ধরনের প্রস্তুতিও প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে তিনটি পদে ৩৬ হাজার ৪৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ভোটকেন্দ্র ৭ হাজার ৮৭টি এবং ভোটার ১ কোটি ১৯ লাখ ৪০ হাজার ৭৪১ জন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ভোট উপলক্ষে এদিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকছে সাধারণ ছুটি।
রবিবার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, ভোটের জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে। নির্বাচনী এলাকায় প্রার্থীদের প্রচার রবিবার মধ্যরাতে বন্ধ হয়ে যাবে। ভোটকে সামনে রেখে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শাহনেওয়াজ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি আমরা। এরপরও ইতোমধ্যে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে-তা আমাদের নজরে এসেছে। বেশ কিছু ব্যবস্থাও নিয়েছি। আশা করি, সামনে বড় ধরনের অঘটন ঘটবে না।
ইউপিতে প্রথম ধাপের এই নির্বাচনে ইতোমধ্যে ৫৪ জন চেয়ারম্যান, ১৭৯ জন সাধারণ সদস্য ও ৫৪ জন সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, সোমবার প্রথম প্রহর থেকে বন্ধ থাকবে নির্বাচনী প্রচার। ভোট শুরুর ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার, সভা-সমাবেশ ও শোডাউন নিষিদ্ধ। ভোটের পরে ৪৮ ঘণ্টাও কোনো মিছিল করা যাবে না।
