ইস্তাম্বুলে হামলার জন্য আইএসকে দায়ী করল তুরস্ক

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৯:২২
তুরস্কের ইস্তাম্বুলে আত্মঘাতী হামলার জন্য ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে দেশটির সরকার। কেনাকাটা ও পর্যটকদের মধ্যে জনপ্রিয় একটি যায়গায় আত্মঘাতী হামলায় চার জন নিহত ও আরো ৩৬ জন আহত হয়েছিলেন। এর আগের হামলাগুলোর জন্য কুর্দিদের দায়ী করেছিল তুরস্ক সরকার। 
 
হামলাকারীর নাম মেহমেত ওজতুর্ক বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এফকেন আলা। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে তুরস্কের সাতটি প্রদেশে কারফিউ পুনর্বিবেচনা করারও ঘোষণা দিয়েছেন তিনি।
 
নিহতদের মধ্যে তিন জন ইসরাইলি ও একজন ইরানী নাগরিক। ইসরাইলি তিনজনের মধ্যে দুইজন আবার যৌথভাবে যুক্তরাষ্ট্রেরও নাগরিক। আহতদের ৩৬ জনের মধ্যে ১১ জন ইসরাইলি, দুইজন আইরিশ এবং জার্মানি, আইসল্যান্ড, আরব আমিরাত ও ইরানের একজন করে নাগরিক রয়েছেন। ইসরাইল সরকার তার দেশের নাগরিকদের তুরস্ক ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সূত্র: বিবিসি