প্রথম দফায় দেশের ৩৪ জেলার ৭৩৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সংশ্লিষ্ট ইউপি এলাকায় টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পরিষদ ভোটের অনিয়ম রোধে কোন ছাড় না দেয়ার নির্দেশনা দেয়ার পরও দায়িত্বে অবহেলা করলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।
শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। কমিশনের পক্ষ থেকে নির্বাচনী এলাকায় মাঠে টহল শুরু করেছে বিজিবি, র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর এক লাখ ৮০ হাজার সদস্য । একই সঙ্গে ৩৪ জেলার ১০১টি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও অপরাধ তদারকিতে মাঠে রয়েছেন।
কমিশনের শেষ মুহূর্তের নির্দেশনায় নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষে দ্রুত ফলাফল প্রেরণ করতে বলা হয়েছে। প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ইতোমধ্যে শেষ হয়েছে সবধরনের প্রচার-প্রচারণা। নির্বাচনী আইনানুযায়ী কোনো নির্বাচনী এলাকার ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, ভোট গ্রহণের দিন সকাল আটটা থেকে রাত ১২টা এবং ভোটগ্রহণের দিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় কোন ব্যক্তি জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোন মিছিল বা শোভাযাত্রা করতে বা তাতে যোগদান করতে পারবেন না। এই বিধি লঙ্ঘন করলে অন্যূন ৬ মাস বা অনধিক ৩ বছরের কারাদন্ডে দন্ডিত হবেন।
শনিবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া রবিবার রাত থেকে ৩২ ঘন্টা সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করেছে ইসি। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও অনুমোদিত সাংবাদিকদের ক্ষেত্রে তা শিথিল থাকবে।
চেয়ারম্যান পদে ৩ হাজার ৩৪ জনসহ মোট ৩৬ হাজার ৪৫৬ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে প্রায় ৭ হাজার ৮৭টি কেন্দ্রে ১ লাখ ২১ হাজার ১৯৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকবেন বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।
ব্যালট পেপারসহ সকল ধরনের নির্বাচনী সামগ্রী সোমবার প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছে।
ইসি কর্মকর্তারা জানান, ইউপিতে প্রথম ধাপে ইতোমধ্যে ৫৪ জন চেয়ারম্যান, ১৭৯ জন সাধারণ সদস্য ও ৫৪ জন সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে ২২ মার্চ ৭৩৪টি, ২৩ মার্চ নাগরপুরে ১১টি এবং ২৭ মার্চ টেকনাফের দুইটি ইউপি, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭ মে, পঞ্চম ধাপে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৪ জুন ভোট হওয়ার কথা রয়েছে।-বাসস।
