এ মাসের শেষ দিকে উদীচী আয়োজন করতে যাচ্ছে ‘দশম সত্যেন সেন গণসংগীত উত্সব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা-২০১৮।’ এ বছর একই সঙ্গে অনুষ্ঠিত হবে উদীচীর একবিংশ জাতীয় সম্মেলন। এ সম্মেলনকে কেন্দ্র করে চলছে গণসংগীত প্রতিযোগিতা। গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় পর্ব। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘ক’, ‘খ’, ‘গ’ ও দলীয়- এ চারটি বিভাগে প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাঁওজাল, বিশিষ্ট গণসংগীত গীতিকার, সুরকার ও শিল্পী শাহীন সরদার এবং বিশিষ্ট গণসংগীত শিল্পী সোহানা আহমেদ, গণসংগীত শিল্পী ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল আলম।
প্রতিযোগিতা শুরুর আগে ছিল সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী মোহাম্মদ শীশ। উদীচী ঢাকা বিভাগীয় কমিটির আহবায়ক শিবানী ভট্টাচার্যর সভাপতিত্বে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্বে ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে শেহের মাহমুদ স্মিতা, আর দ্বিতীয় হয়েছে সিতমা মন্ডল শ্রেয়া, তৃতীয় হয়েছে অর্পিতা সেন ত্রপা। ‘খ’ বিভাগে প্রথম হয়েছে গাজী আহনাফ লাবীব কাব্য, দ্বিতীয় স্থান অধিকার করেছে দুলারী ভট্টাচার্য সিঁথি ও তৃতীয় হয়েছে তাশদীদ করীর রোদ্দুর। ‘গ’ বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন সরস্বতী সরকার। এ বিভাগে দ্বিতীয় হয়েছে সুমন কুমার বিশ্বাস। তৃতীয় স্থান পেয়েছে মনির হোসেন। আর দলীয় অর্থাত্ ‘ঘ’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জের ‘যোদ্ধা’ সাংস্কৃতিক সংগঠন। দ্বিতীয় স্থান পেয়েছে উদীচী ঢাকা মহানগর সংসদ এবং তৃতীয় স্থান পেয়েছে উদীচী তেজগাঁও শাখা।
