গ্যাসের মূল্য বাড়ালে কঠোর আন্দোলন

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০০:৩৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গণবিরোধী গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

রিজভী বলেন, সাধারণ মানুষের পেটে ছুরি মারতে আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে সরকার। শুধুমাত্র লুটপাটের জন্য বেআইনিভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। তিনি বলেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাত্সরিক মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সরকার দুর্নীতির শক্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। এ প্রতিবেদনে প্রমাণিত হলো শেখ হাসিনার নির্দেশেই বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে।