ফ্যান্টাসি কিংডম থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৯:০৮
আশুলিয়ায় ফ্যন্টাসি কিংডম থিম পার্কের ওয়াটার ওয়ার্ল্ডে নেমে এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
নিহত সামিউল্লাহ ফাহিম (১৮) ঢাকার বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। রাজধানীর ধানমন্ডি এলাকার মোহাম্মদ শামসুদ্দিনের ছেলে সে।
 
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, সোমবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
ওসি বলেন, ৭/৮ জন বন্ধুর সঙ্গে ফ্যান্টাসি কিংডমে ঘুরতে যায় ফাহিম। পরে তারা সবাই ওয়াটার ওয়ার্ল্ডে নামে। এক পর্যায়ে বন্ধুরা তাকে অচেতন অবস্থায় পানিতে পড়ে থাকতে দেখে। পরে পার্ক কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে ।
 
নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র্রের দায়িত্বরত চিকিৎসক সুরঞ্জিত সাহা বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা তিনি জানাতে পারেননি।
 
এ বিষয়ে ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান ওসি। বিডিনিউজ।