বেনাপোলে মাদক বিক্রেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ মার্চ ২০১৬, ২১:২৯
যশোরের বেনাপোলে ইয়াবা ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। নিহত সাঈদ হোসেন তনু (২৫) যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামের মীর আলীর ছেলে।
 
সোমবার বিকেলে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
 
স্থানীয় সূত্র জানায়, ইয়াবা ব্যবসার সূত্র ধরে সোমবার তনু বেনাপোলের বড়আঁচড়া গ্রামের আরেক ইয়াবা বিক্রেতা সোবহানেরর বাড়িতে যায়। সেখানে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে তনুকে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
 
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।