রাজধানী তুরাগের সোনারগাঁও জনপথ সড়কের রূপায়ন সিটির পাশে ব্যাটারি চালিত অটোরিকসার (ইজিবাইকের) সঙ্গে ওড়না পেঁচিয়ে সাথী (৩৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই গৃহবধূর বাড়ি তুরাগের নলভোগ এলাকায়। তিনি দুই সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৮টার দিকে সাথী তার ছোট ছেলে নয়নকে নিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টর এভারগ্রিন স্কুলে যান। সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে ইজিবাইকে করে নলভোগ এলাকায় ফিরছিলেন। সোনারগাঁও জনপথ সড়ক রূপায়ন সিটির সামনে কাঁচা বাজারের সামনে তার ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ওড়না দিয়ে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলে প্রাণ হারান। নিহতের স্বামী মালয়েশিয়া প্রবাসী। ১৫ দিন আগে তিনি মালয়েশিয়া যান। তার বড় ছেলে ইমন উত্তরা ১১ নম্বর সেক্টর এভারগ্রিন স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী।
তুরাগ থানার ওসি মাহবুবে খোদা বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং মুচলেকা দেয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
