সোনারগাঁওয়ে ব্রিজের নিচ থেকে প্রবাসীর লাশ উদ্ধার

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০০:৪০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ব্রিজের নিচ থেকে তোফাজ্জল হোসেন বাবুল নামে এক সৌদী প্রবাসীর মৃতদেহ শুক্রবার সকালে উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

নিহত তোফাজ্জল হোসেন বাবুল নোয়াখালীর গোপালপুর থানার বেগমগঞ্জ তিতা হাজরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

নিহত বাবুলের ফুফাতো ভাই মিলন জানান, এক বছর পর সৌদি আরব থেকে গত বৃহস্পতিবার দেশে ফেরেন বাবুল। তার দুই মেয়েসহ বাবুলের স্ত্রী মুন্নি আক্তার তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে নিজ বাড়ি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হন। পথে মহাসড়কের আষাঢ়িয়ার চর ব্রিজের কাছে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি গাড়ি থেকে নেমে যান। দীর্ঘ সময় পরও তিনি ফিরে না আসায় খোঁজাখুঁজি করে স্ত্রী ও মেয়েরা বাড়িতে চলে যান। সকালে ব্রিজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুলের লাশ উদ্ধার করে। এসময় তার কাছে মোবাইল ফোন সেট, নগদ টাকা, স্বর্ণালংকার ও পাসপোর্ট পাওয়া যায়।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, বাবুলের মৃত্যু রহস্যজনক। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পেটের বাম পাশে একটি আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এসআই আরো জানান, মোবাইল ফোনে তার পরিবারের সাথে কথা হয়েছে। লাশ নেওয়ার জন্য পরিবারের সদস্যরা রওনা হয়েছেন।