রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় চলন্ত ট্রেনের ছাদে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে (৩০) ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা। পরে তাকে ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করে তারা। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বনানী থানার এসআই এ কে এম নুরুল হক জানান, কমলাপুরগামী চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর কবলে পড়েন ওই যুবক। ছিনতাইকারীরা তার কাছ থেকে সবকিছু লুট করে নিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ। আহত যুবক কথা বলতে না পারায় তার নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল আমতলী এলাকায় থাকা মাদ্রাসার ছাত্র ইব্রাহিম জানান, তারা কয়েক বন্ধু রাস্তার পাশে বসেছিলেন। হঠাত্ দেখতে পান যে কমলাপুরগামী চলন্ত ট্রেনের ছাদে ৪/৫ জন যুবক অপর এক যুবককে ছুরিকাঘাত করে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়। পরে তারা পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ ওই যুবককে উদ্ধার করে।
