শ্যাম্পু ছাড়া মাথার চুল পরিস্কার করার কথা ভাবাই যায় না। অথচ বাজারে প্রচলিত রাসায়নিকযুক্ত শ্যাম্পু বেশি ব্যবহার করলেও চুলের ক্ষতি হয়। এছাড়া আসল শ্যাম্পুর মোড়কে নকল জিনিসে বাজার ছেয়ে যাওয়ার খবরেও অনেকে চিন্তায় পরে যান। এতসব ঝক্কি ঝামেলার হাত থেকে মুক্তি পেতে ঘরেই শ্যাম্পু বানিয়ে নিতে পারেন।
প্রয়োজনীয় উপকরণ : নারকেলের দুধ: ১/৪ কাপ, লিকুইড কোকো বাটার: ১/৪ কাপ, এসেনশিয়াল অয়েল: ২০ ফোঁটা (ল্যাভেন্ডার, রোজমেরি, লেমন বা পেপারমিন্ট)।
শ্যাম্পু বানানোর প্রক্রিয়া: একটি বোতলে সব উপকরণ ঢেলে নিন। পরে ঢাকনা বন্ধ করে মিশ্রণটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এভাবেই তৈরি করে নিন ঘরে বানানো বিশুদ্ধ শ্যাম্পু।
বাজারে প্রচলিত শ্যাম্পু যেভাবে ব্যবহার করি, সেই একই প্রক্রিয়ায় এই শ্যাম্পুও ব্যবহার করতে হবে। এটি ব্যবহারের পর চুলে কন্ডিশনার না লাগালেও চলবে। তবে শ্যাম্পু ব্যবহারের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
