লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র দখল নিয়ে কয়েকটি কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটকরা হলো, মাজহারুল ইসলাম ও সবুজ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার ইউপি নির্বাচন চলাকালীন সকাল ১০টার দিকে কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়নের উত্তর চর পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী মন্তাজ উদ্দিন ও আব্দুল মতিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মাজহারুল ইসলাম ও সবুজ নামের দুইজনকে আটক করে।
এছাড়া চরপোড়াগাছা ইউনিয়নের নোমানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও চশমা প্রতীকের সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।
এদিকে হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্র দখলের চেষ্টা নিয়ে সংঘর্ষে তিনজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
