ভোটগণনা শেষে সিলেটের রাজপথে ব্যারিকেড দিয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নিতে চাইলে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশসহ স্থানীয় এক বাসিন্দা আহত হয়েছেন। সিলেট শহরতলীর কান্দিগাঁওয়ে সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন ব্রিজ এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) রহমতউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানী সূত্র জানায়, কান্দিগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউনিয়নের সুজাতপুর প্রাথমিকবিদ্যালয় কেন্দ্রের ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হয়। পরে ব্যালট বাক্স নিয়ে প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্টরা উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে ফিরছিলেন। এসময় অনন্তপুর ও বাদেআলী গ্রামের কিছু উশৃংখল লোক রাস্তায় ইট, গাছের ডালপালা ফেলে ব্যালট বাক্স লুটের চেষ্টা চালায়।
পরে তেমুখী ব্রিজে আবারো স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুঁড়ে। এসময় পুলিশের মাইক্রোবাসসহ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়।ৃ
