গণপরিবহনে শৃঙ্খলা আনতে রাজধানীতে পাঁচটি রুট : আনিসুল

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৭:১২
 
গণপরিবহনে শৃঙ্খলা আনতে রাজধানীর পাঁচটি রুটে পাঁচ রংয়ের বাস চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। আগামী দেড় বছরের মধ্যে ঢাকার রাস্তা থেকে পুরনো বাসগুলো উঠিয়ে দিয়ে নতুন তিন হাজার বাস নামানোর চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
 
বুধবার নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিচালনা পর্ষদের সভায় একথা বলেন মেয়র আনিসুল। তিনি বলেন, 'বর্তমানে রাজধানীতে ১৯৪টি রুটে প্রায় সাড়ে চার হাজার বাস চলে। ফ্রাঞ্চাইজি পদ্ধতিতে এ বাসগুলো পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে বাস মালিকদের রাজি করানো সম্ভব হয়েছে। এ পদ্ধতি শুরু করা গেলে বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবে না, টানাটানি হবে না এবং একটি শৃঙ্খলার মধ্যে আসবে।'
 
মেয়র আনিসুল হক বলেন, 'এ পরিকল্পনায় রাজধানীকে পাঁচ রুটে বিভক্ত করে পাঁচ রংয়ের বাস চালানো হবে। একসাথে ব্যবসা থাকায় সবাই যে যার লভ্যাংশ ভাগ করে নিবে। বাস চলাচলে যে সিন্ডিকেট কাজ করে তারাও এই প্রস্তাবে রাজি হয়েছে।'
 
নতুন তিন হাজার বাস নামানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, 'অল্প সুদে ঋণ দিয়ে এ বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে, বাস কিনবেন মালিকরা।' এ পরিকল্পনা বাস্তবায়নে টার্মিনাল নির্মাণসহ অনেক কাজ থাকায় এক থেকে দেড় বছর সময় প্রয়োজন হবে বলে জানান তিনি। বিডি নিউজ।