রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত দেড়টার দিকে সূচনা মডেল টাউনের দুই নম্বর রোডের দুই নম্বর ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ আক্তার হোসেন জানান। নিহতের নাম আহমেদ রাজন মেরিন (২৩)। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের আদর্শ পাড়ায়। বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করলেও বিবাহিত ছিলেন মেরিন।
তার স্ত্রী আবৃত্তির বরাত দিয়ে এসআই আক্তার জানান, দুই মাস আগে এই দম্পতি ফ্ল্যাটটি ভাড়া নেন। বুধবার সন্ধ্যায় আবৃত্তি তার ভাইয়ের বাসায় ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘রাতে ফিরে বিকল্প চাবি দিয়ে তালা খুলে বাসায় ঢুকে স্বামীকে ফ্যানের হুকের সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলতে দেখেন তিনি।’ খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মেরিনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই আক্তার।
এদিকে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে রুমা আক্তার (২৪) নামে এক গৃহবধূকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রুমার স্বামী সাজ্জাদ হোসেন তাকে হাসপাতালে নিয়ে আসেন। ‘সাজ্জাদ জানিয়েছেন, সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বেরিয়েছিলেন তিনি। দুপুরে ফিরে রুমাকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন।’ বিষয়টি শাহজাহানপুর থানায় জানানো হয়েছে বলে মোজাম্মেল হক জানান।
