টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী দিলু নিহত

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১২:১৩
গাজীপুরের টঙ্গী নদী বন্দর এলাকায়  র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী দেলোয়ার হোসেন দিলু নিহত হয়েছেন। দেলোয়ার টঙ্গী বাজার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত ছিলেন।
 
র‌্যাবের মিডিয়া উইং সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে টঙ্গী নদী বন্দর এলাকায় সন্ত্রাসীরা টাকা ভাগাভাগি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে দিলু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি, একটি ম্যাগজিন, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, চাপাতি, ইয়াবা ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
 
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।