প্রকৌশলী ব্যবসায়ী রাজন হত্যা: ছয় জনকে আসামি করে চার্জশিট

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ২১:৫৯
পুরনো ঢাকার কাপ্তানবাজারের ব্যবসায়ী প্রকৌশলী আরেফিন আবেদীন খান রাজন (২৮) হত্যাকাণ্ডের পাঁচ মাসপর ৬ জনকে আসামি করে আগামী সপ্তাহে চার্জশিট দাখিল করা হচ্ছে। আসামিরা হলেন- রাজনের ব্যবসা প্রতিষ্ঠান  ম্যানেজার মুস্তাফিজুর রহমান, কর্মচারী জাহাঙ্গীর হোসেন জয়, ভাড়াটে খুনি আলমগীর হোসেন,ইমন, নিয়ামত ও নাজমুল। তাদের মধ্যে নিয়ামত ও নাজমুল পলাতক রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ম্যানেজার মুস্তাফিজুর রহমান, কর্মচারী জাহাঙ্গীর হোসেন জয় ৩০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় রাজনকে পরিকল্পিতভাবে হত্যা করে। 
 
এ দিকে নিহত রাজনের বাবা জয়নাল আবেদীন খান বলেছেন, পলাতক আসামিরা তাদেরকে নানাভাবে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। এ অবস্থায় তিনি পরিবার পরিজন নিয়ে আতংকে রয়েছেন। 
 
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, তদন্ত শেষ। আশাকরা যাচ্ছে আগামী সপ্তাহে আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে। হুমকির ব্যাপারে তিনি বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং খোঁজ খবর নিয়েছেন। তিনি আরো বলেন, পলাতক দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। আশা করা যায় তাদেরকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে। 
 
কী ঘটেছিল: 
রাজন কাপ্তানবাজার এলাকার এরশাদ মার্কেট ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।এ মার্কেটে 'বিক্রম পাওয়ার' নামে তার এনার্জি বাল্ব বিপণনকারী একটি প্রতিষ্ঠান রয়েছে। গত ১৩ অক্টোবর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিখোঁজ হন। পরের দিন দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চিতাখোলা এলাকার একটি ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় রাজনের মা হোসনে আরা বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা ছিল অজ্ঞাত।