ব্রিজ নির্মাণে পাল্টে যাচ্ছে মেঘনাবাসীর জীবনযাত্রা

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ০৫:৫৪
‘মেঘনা’ নদীর নামে ‘উপজেলা’। চারদিকে নদী আর খাল, অথৈ পানি। ১৮ বছর আগে প্রতিষ্ঠিত হয় নদীবেষ্টিত এ জনপদ ‘মেঘনা উপজেলা’ হিসেবে। এখানে মানুষের একমাত্র পেশা ছিল কৃষি কাজ আর মাছ ধরা। সড়ক না থাকায় সবাই চলাচল করত নৌকায়। বিকাল হলেই কেউ বাড়ি থেকে বের হতো না ডাকাতের ভয়ে। নৌকা, লঞ্চ, ট্রলার ইত্যাদি ছিল কুমিল্লার এ চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম। দুর্গম এলাকা হওয়ায় বিয়ে বা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতেও চাইতো না অনেকে। কিন্তু ক্রমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছোঁয়ায় পাল্টে যাচ্ছে এ চিত্র। উপজেলার কাঁঠালিয়া ও পারারবন্দ নদীর ওপর নির্মিত হয়েছে দুটি সেতু। এছাড়া ওমরাকান্দা ও ভাটেরচর সেতুসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে ২৪টি মাঝারি ও ছোট-বড় ব্রিজ নির্মাণ হচ্ছে। এসব ব্রিজের কাজ শেষ হলে মেঘনার সাথে জেলা-বিভিন্ন উপজেলার যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ সর্বক্ষেত্রে উন্নয়নের দ্বার খুলে যাবে। এ আশায় উপজেলার লাখো মানুষের চোখে-মুখে দেখা দিয়েছে হাসির ঝিলিক আর আনন্দ-উচ্ছ্বাস।
 
জানা গেছে, উপজেলার উন্নয়নে ইতিমধ্যে মেঘনা নদীর উপরে চারটি বড় ব্রিজসহ ২০টি ছোট ব্রিজ ও ২৪টি মাঝারি ব্রিজ নির্মাণের জন্য প্রায় এক হাজার কোটি টাকা এবং ৩টি সড়ক উন্নয়নের জন্য পৌণে ২ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এসব ব্রিজ নির্মাণ ও সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন হলে বদলে যাবে মেঘনাবাসীর জীবনমান।
 
এলজিইডি-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী এএসএম মহসীন বলেন, কাঁঠালিয়া ও পারারবন্দ নদীর ওপর নির্মিত সেতু মেঘনা উপজেলার সাথে সকল জেলা-উপজেলার যোগাযোগ ক্ষেত্রে যেমন উন্নয়ন ঘটিয়েছে। তেমনি জনগণের মাঝে সৌহার্দ্যপূর্ণ সেতুবন্ধন গড়ে উঠছে। বর্তমানে উপজেলার ওমরাকান্দা ও ভাটেরচরে প্রায় ৫৭ কোটি টাকা ব্যয়ে দুটি সেতুসহ বিভিন্ন স্থানে অনেকগুলো ছোট-বড় ব্রিজ ও সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এতে সমৃদ্ধির ছোঁয়া লাগতে শুরু করেছে উপজেলা এলাকায়।
 
মেঘনা উপজেলা চেয়ারম্যান মো. আবদুস সালাম জানান, ‘চারদিকে নদী, অথৈ পানির ঢেউ- এর মাঝেই ছিল তাদের বসবাস। ’৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে এ উপজেলা প্রতিষ্ঠিত হয়েছে, এ সরকারের প্রচেষ্টায় মেঘনায় এখন আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করেছে। একাধিক সেতু নির্মাণ হয়েছে। বিদ্যুত্ রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টের নির্মাণ কাজ চলছে। এসব কাজ শেষ হলে নদীমাতৃক মেঘনা উন্নীত হবে উন্নয়ন সমৃদ্ধির মডেল জনপদে।