ট্রেনে একদিন

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৯:০৮

 

  মুহা. তাজুল ইসলাম

 

যাত্রী :এটাই তো আমার ট্রেন! তাই না?

স্টেশন মাস্টার :জি না। এটা সরকারের।

যাত্রী :মানে চট্টগ্রামের ট্রেন তাই না?

স্টেশন মাস্টার :একবার বলছেন আপনার আরেকবার বলছেন চট্টগ্রামের। বুঝলাম না। দুঃখিত এটা চট্টগ্রামে তৈরি না, এটা মেইড ইন চায়না।

যাত্রী :না মানে আমি বলতে চাইছিলাম যে, আমি এই ট্রেনে করেই তো যাব তাই না?

স্টেশন মাস্টার :আমি কী করে বলব কোন ট্রেনে যাবেন?

যাত্রী :মানে আমি বুঝাতে চাইছিলাম যে, এই ট্রেন তো চট্টগ্রামে যায়?

স্টেশন মাস্টার :কে বলল এই কথা? এটা তো রাজশাহী যায়। আপনি কি রাজশাহী যাবেন?

যাত্রী :না আমি চট্টগ্রাম যাব।

স্টেশন মাস্টার :তাহলে কেন বললেন যে, এই ট্রেনে করে আপনি যাবেন? দুঃখিত আপনার একার জন্য রাজশাহীর পরিবর্তে এই ট্রেন চট্টগ্রামে যাবে না।

যাত্রী :আমি সেটা বলিনি। আমি বলছি চট্টগ্রামের ট্রেনে আমি চট্টগ্রাম যাব।

স্টেশন মাস্টার :আমি দুঃখিত। চট্টগ্রামের তৈরি কোনো ট্রেন আপাতত আমাদের নেই। আমাদের সব ট্রেনই চীনের তৈরি। সরকার কাজ করছে, খুব শীঘ্রই চট্টগ্রামের তৈরি ট্রেনে চড়তে পারবেন।

যাত্রী :মানে আমার বাসা চট্টগ্রামে। ছুটিতে আমি বাসায় যাব।

স্টেশন মাস্টার :তাই নাকি? আমার বাসাও চট্টগ্রামে। ছুটিতে আমিও যাই। বউ-বাচ্চা ওখানেই আছে।

যাত্রী :আমি বলতে চাইছি যে, আমি চট্টগ্রামে যাব। কোন ট্রেনে যাব?

স্টেশন মাস্টার :সেটা আপনার ইচ্ছা। প্রতি তিনঘণ্টা পর পর চট্টগ্রাম অভিমুখে ট্রেন ছাড়া হয়।

যাত্রী :আমি কিভাবে বুঝাব? আসলে আমি পরবর্তী ট্রেনে করে চট্টগ্রাম যাব।

স্টেশন মাস্টার :তাই বলেন। টিকিট কাটুন। শীতকালে নন-এসি ভালো। প্রতিটি সিটের মূল্য ৫৫০ টাকা।

যাত্রী :আমি তো টিকিট কেটেছি। এই দেখুন টিকিট।

স্টেশন মাস্টার :টিকিট যখন কেটেছেন, তখন এতগুলো কথা খরচ করালেন কেন? দেখি কোন টিকিট! ও এই টিকিট ? আপনি না বললেন পরের ট্রেনে যাবেন? তাহলে আপনাকে আবার টিকিট কাটতে হবে।

যাত্রী :কেন? টিকিটে ট্রেন ছাড়ার সময় ৯টা। এখন পৌনে ৯টা বাজে। তাহলে আমি কি পরের ট্রেনে যাব না?

স্টেশন মাস্টার :এখন তো ৬টার ট্রেন ছাড়বে।

যাত্রী :তাহলে ৯টার ট্রেন কয়টায় ছাড়বে?

স্টেশন মাস্টার :নয়টার ট্রেন কয়টায় ছাড়বে এটা নির্ভর করবে কোথায় যাওয়া হবে তার ওপর। যদি ট্রেনে করে সিলেট যেতে হয় তবে ৯টার ট্রেন ১০টা ৪৫-এ, যদি রাজশাহী যাওয়া হয় তবে ১১টা ৩০-এ আর যদি চট্টগ্রাম যেতে হয় তবে তার সঠিক সময় কখন, তা আমি নিজেও বলতে পারছি না।

যাত্রী :ধুর! ট্রেনে যাবই না।

স্টেশন মাস্টার :যাবেন না যখন, এত সময় নষ্ট করলেন কেন? সময়ের কি কোনো মূল্য নেই! এই পটল, এক কাপ চা দে তো! গলাটা শুকিয়ে গেছে।

কার্টুন জ্যোতি