রোমেন রায়হান
এ কেমন জন্মদিবস! নেই কেক, নেই মোমের বাতি
সুর করে গান গাওয়া ভুলে দিশেহারা স্তব্ধ জাতি।
এ কেমন জন্মদিবস! কুঁকড়ে থাকা গোলাপ কুঁড়ি
হূদয় জুড়ে গড়িয়ে যায় খুব নীরবে দুখের নুড়ি।
হাসিমাখা মুখচ্ছবির জায়গাটাতে কষ্ট জমা
এমন দিনে নেই ছেলেরা, কোথাও তো নেই প্রিয়তমা।
কাঁদবে বলে পরিবারে কেউ নেই দুই কন্যা ছাড়া
এ কেমন জন্মদিবস! দু’চোখ জুড়ে জলের ধারা।
আনন্দকে ছাপিয়ে যায় বিশাল কালো শোকের ছায়া
ডুকরে ওঠে বাংলাদেশের মাটির মায়া, নদীর মায়া।
বাংলাদেশের ফুল, পাখি, গাছ যোগ দিয়েছে মায়ার দলে
এমন দিনে পিতা তুমি শুভেচ্ছা নাও চোখের জলে।
