কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেফতারের দাবিতে আবারো শাহবাগে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী শাহবাগ মোড়ে গোল হয়ে বসে পড়ে স্লোগান দিচ্ছে। পরে তাদের সঙ্গে নটরডেম কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে অবস্থান কর্মসূচিতে ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরাও রয়েছেন।
অবরোধ চলাকালে সেনাবাহিনীর একটি গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় আটক করে দাবি-দাওয়ার পোস্টার লাগিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে সেখানে।
IMG0
গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে খুন হন ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার আলী একটি মামলা করলেও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ। এক সপ্তাহ পর মামলাটি তদন্তের ভার চেপেছে ডিবির উপর। এই কলেজছাত্রী হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে ক্ষোভ-বিক্ষোভ চলছে। সোস্যাল মিডিয়াও সরব এই ঘটনার প্রতিবাদে।
