জয়পুরহাটে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৫:৪৩
 
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জয়পুরহাট জেলা শাখা ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ।
 
এ সময় বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা শাখার সমন্বয়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মানস সিংহ টুটুল, সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক কাজল রায়, জাকির হোসেন, সামিউল ইসলাম, জয়ন্ত সরকার বক্তব্য রাখেন। বক্তারা তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান।