বঙ্গবন্ধুর জন্মদিনে ছোটপর্দার বিশেষ আয়োজন...

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২০:৩১

 

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো তাদের অনুষ্ঠানমালায় যোগ করেছে বিশেষ আয়োজন—

 

‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’

বাংলাভিশনে আজ বিকেল ৫টা ২৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, এমপি এবং কথাশিল্পী সেলিনা হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শিমুল মুস্তাফা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মহানায়কের জীবন ছিল সংগ্রামমুখর, ছিল নানা ঘাত-প্রতিঘাত। কেমন ছিল বাঙালির এই মহানায়কের শুরুর জীবন? তার শৈশব, শিক্ষা, আন্দোলন আর রাজনীতিতে উত্থান নিয়ে এই অনুষ্ঠানে সঞ্চালকের সাথে অতিথিরা আলোচনা করেছেন।

‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’

দুরন্ত টেলিভিশনে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’। জাইমা তহুরা চৌধুরী, আহনাফ ইথিকা মৌন, তাসনিম আলম ধ্রুব, ঈলিয়াহ রামীন হক বিভোর, জিনাত আহমেদ জেবা, জারিফা তাসনীম অবনী, সিরাতিম মুস্তাকিম দিহান এই দিনে বঙ্গবন্ধুর জন্ম ও শৈশবের গল্প শুনবে অভিনেত্রী শমী কায়সারের কাছে। এই বরেণ্য অভিনেত্রী বাঙালির রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথাও আলোচনা করবেন। গল্পে গল্পে ফুটে উঠবে বঙ্গবন্ধুর শিশুবান্ধব রূপ। আর এসব দেখা যাবে জাতীয় শিশু দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনের ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল হোসেন আবির ও পার্থ প্রতিম হালদার।

‘পিতার নিবাস’

দীপ্ত টিভিতে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ প্রমাণ্যচিত্র ‘পিতার নিবাস’। প্রামাণ্যচিত্রটির গবেষক ও প্রযোজক ব্রাত্য আমিন।