ঈদের নাটকের প্রস্তুতি শুরু

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২০:৪৫

 

বছরঘুরে আবারো ঈদের নাটক নিয়ে ব্যস্ত ছোটপর্দার তারকারা। যদিও ঈদের বাকি এখনো প্রায় ৩ মাস। তবে প্রতিবছর নাটকে সংখ্যা বাড়ায় অনেকটা আগে থেকেই চলতে থাকে ঈদের নাটকের প্রস্তুতি। সেই ধারাবাহিকতায় এবারো অনেকগুলো নাটক প্রচার হতে যাচ্ছে। তবে এখন শুধু চ্যানেলের জন্যই শুধু নির্মিত হচ্ছে না ঈদের নাটক, ইউটিউব ও বিভিন্ন স্ট্রিমিং সাইটের জন্যও নির্মাণ হচ্ছে নাটকগুলো। গতবছর থেকে এই চর্চাটা আরো বেশি করে দেখা যাচ্ছে। এবারো টেলিভিশনের পাশাপাশি অন্যান্য প্লাটফর্মেও প্রচার হবে ঈদের বিশেষ নাটক।

ছোটপর্দার ব্যস্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেই ব্যস্ত আরো কয়েকগুণে বেড়ে যায় বিশেষ দিবসগুলোতে। ঈদকে কেন্দ্র করে এরইমধ্যে শুরু করেছেন নাটকের কাজ। ‘শুভ জন্মদিন’ শিরোনামে একটি নাটকে ভিন্নলুকে দেখা যাবে তাকে। চোখে কালো ফ্রেমের মোটা চশমা, পরনে সাদা পাঞ্জাবি আর পায়জামা, আর কাঁধে ঝোলা—এমন লুকে দেখা যাবে তাকে। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। এরইমধ্যে নাটকটি শুটিং শেষ হয়েছে। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। 

ঈদের অন্যতম আকর্ষণ মোশাররফ করিম। তার নাটক মানেই দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ। এবার ঈদেও একাধিক নাটকে দেখা যাবে তাকে। মোশাররফ করিম অভিনীত ৮টি নাটক তৈরি করেছেন পরিচালক অভিনেতা শামীম জামান। নাটকগুলোতে আরো অভিনয় করেছেন শামীম জামান। মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে নির্মিত এই ৮টি নাটকের শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। তিনি বলেন, ‘এরইমধ্যে মোশাররফ করিমকে নিয়ে ৮টি নাটক নির্মাণ করছি। ভিন্ন কিছু করার চেষ্টা সবসময় থাকে। এই কাজগুলো ঈদে ভালো সাড়া ফেলবে আশা করি।’

মোশাররফ করিম বলেন, ‘সাধারণ সময়ের চেয়ে ঈদের নাটকগুলো ভিন্ন হওয়া প্রয়োজন অবশ্যই। কারণ সেই সময় দর্শক বেশি থাকে। ছুটির সময়গুলোতে দর্শক তাদের পছন্দের কাজগুলো দেখতে চায়। তেমনই কিছু কাজ করছি এবারো।’

চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকলেও নাটকে নিয়মিত চঞ্চল চৌধুরী। এবার ঈদেও একাধিক নাটক প্রচার হবে তার। নাটকগুলোর শুটিং শুরু করেছেন তিনিও।

চঞ্চল সম্প্রতি নেপালে শুটিং করেছেন ঈদ নাটকের। সেখানে তিনি টানা দুই সপ্তাহ দুটি ৭ পর্বের ধারাবাহিক ও দুটি খণ্ডনাটকের কাজ করেছেন। নাটকগুলো হলো ‘লেকুর এভারেস্ট জয়’ ও ‘২৫/২ কাঠমান্ডু ভ্যালি’। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে আছেন শাহানাজ খুশী, প্রাণ রায়, অর্পণা, নাবিলাসহ অনেকে। নাটকগুলো নির্মাণ করেছেন সকাল আহমেদ ও রচনা করেছেন বৃন্দাবন দাশ। চঞ্চল চৌধুরী বলেন, ‘ঈদের সময় অনেক বাকি থাকলেও এখন অনেকে কাজ শুরু করেছেন। এতে তাড়াহুড়োর বিষয়টি থাকে না। কাজটা সময় নিয়ে করলে ভালো করা যায়। আমাকে এবার বেশ কয়েকটি নাটকে দেখা যাবে।’