তনু হত্যার বিচার দাবিতে উত্তরা হাই স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২১:৫০
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর উত্তরা হাই স্কুল এন্ড কলেজ এর মেয়েরা।
 
বুধবার দুপুর ১২ টার দিকে স্কুল ছুটির পর প্রতিষ্ঠানের দশম শ্রেণীর কিসু মেয়ে শিক্ষার্থী শিক্ষকদের সহযোগিতায় প্রতিষ্ঠান সংলগ্ন রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ স্লোগান দিতে থাকে। আস্তে আস্তে প্রতিষ্ঠানের প্রভাতী শাখার সকল মেয়েরা এই মানববন্ধনে অংশ নেয়। এই সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক সহ প্রতিষ্ঠান অধ্যক্ষ ও সভাপতি তাদের পূর্ণ সমর্থন জানিয়ে এ কার্যক্রমে অংশ নেয়।
 
 
প্রতিষ্ঠান শিক্ষক কাদির মেয়েদের উদ্দেশ্যে বলেন, ‘অন্যায় এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত। তোমারা ঠিক করেছ। আমরা তোমাদের পাশে আছি।’
 
বুধবার দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত চলে এ মানববন্ধন। এ সময় আশেপাশের মানুষজন এবং উত্তরাবাসী তাদের সমর্থন জানায়। তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে। এসময় মেয়েরা স্লোগানে বার বার একটি কথাই বলছিল “উই ওয়ান্ট জাস্টিস”।
 
প্রতিষ্ঠান এর শিক্ষার্থী নিশাত তাসমিমা বলেন, ‘এক জন তনু প্রতিনিধিত্ব করে হাজারো তনুর যাদের ধর্ষণ করে হত্যা করা হয়েছে। যতজন মেয়ে আজকে মানববন্ধন করেছে তারা হল নারী শক্তির প্রতীক। নারীরা এগিয়ে যাবে বাধাহীন ভাবে।আমরা তনু হত্যার বিচার চাইতে নয় করতে এসেছি।’