কুমিল্লার বরুড়া উপজেলার আধ্রা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মঞ্জুর হোসেনের বাড়ি থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বড় ছেলে হাছান জামিলকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।
এদিকে সদর ইউনিয়নের আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। একটি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ রয়েছে। পৌনে ১০ টায় এ সংবাদ লেখা পর্যন্ত কেন্দ্রটিতে সংঘর্ষ চলছিল।
ওই কেন্দ্রে থাকা পুলিশের পরিদর্শক আসলাম শিকদার জানান, সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাছান ও জাপার প্রার্থী শাহ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তিনি আরো জানান, পুলিশের শক্ত অবস্থানের কারণে কেন্দ্রে ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে।
