পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ইউনিয়নের হাঠ উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টাকালে বিজিবি ককটেলসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ককটেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন,
উল্লাপাড়া থানার বেতকান্দি গ্রামের শুকুর আলী (১৮), উধুনিয়া গ্রামের শাহিন (২১), বড়পাঙ্গাসী গ্রামের শাহ আলম (২০), বাবুলদহ গ্রামের আলহাজ আলী (২০) ও একই গ্রামের নুরুন্নবী (২২)।
কেন্দ্রের কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, ‘আসামিরা সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তার আগেই তাদের হাতেনাতে আটক করা হয়।’
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
