ক্রাইস্টচার্চ ট্র্যাজেডি পাল্টে যাচ্ছে নিউজিল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৩২

 স্পোর্টস রিপোর্টার

দু’দিন আগ পর্যন্তই নিউজিল্যান্ড ছিল বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ। তবে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে হামলার পরই যেন বদলে গেল দৃশ্যপট। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দল অল্পের জন্য হামলা থেকে রক্ষ পাওয়ায় এবার নড়েচড়ে বসেছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দেশের মাটিতে বিদেশি দলগুলোর নিরাপত্তা ব্যবস্থা এখন ঢেলে সাজানো হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়াইট।

বাংলাদেশ দল আল নূর মসজিদে আর মিনিট চারেক আগে পৌঁছালে প্রাণহানির আশঙ্কা থাকতো। এমনকি দলের সদস্যরা যখন হ্যাগলি ওভাল পার্কের ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে আসছিলেন, তখনও তাদের সাথে ছিলেন না কোনো নিরাপত্তা রক্ষী। এই ব্যাপারটা ক্রিকেট মহলে বেশ নেতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখা হচ্ছে। তবে এনজেডসি’র প্রধান নির্বাহী প্রধান ডেভিড হোয়াইট জানালেন, ক্রাইস্টচার্চের ঘটনা তাদের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বাধ্য করছে।  তিনি বলেন, ‘এটা খুব শকিং একটা ব্যাপার। তবে এর ফলে এখন আমাদের নিরাপত্তা ব্যবস্থায় অনেক কিছু পরিবর্তন করতেই হচ্ছে। আমাদের নিরাপত্তার গভীরতা নিয়ে আমরা কাজ করবো। নিউজিল্যান্ড মানেই নিরাপদ স্বর্গ - এই ধারণাটা পাল্টে গেছে আমাদের।’

এই হামলার সময়ে বাংলাদেশ তো বটেই, আরেকটি আন্তর্জাতিক দল নিউজিল্যান্ড সফরে ছিল। সেই অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ নারী দলও সিরিজ মাঝপথে রেখেই চলে গেছে দেশে। এমনকি নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডেও পড়েছে ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির প্রভাব।

ক্যান্টারবুরি দলটি এই আসরে ওয়েলিংটনে নিজেদের শেষ ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। ক্যান্টারবুরি ক্রিকেটের প্রধান নির্বাহী জেরেমি কারউইন জানান, খেলোয়াড়দের সিদ্ধান্তের প্রতি ক্লাবের আস্থা আছে। তিনি বলেন, ‘পুরো দল একতাবদ্ধ আছে। এই ট্র্যাজেডিতে একেক মানুষ একেক ভাবে প্রভাবিত হয়েছে। ক্যান্টারবুরি ক্রিকেট সব খেলোয়াড়দের ভাবনা ও তাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।’

এমনকি ওটাগোর বিপক্ষে ডানেডিনের মাটিতে অকল্যান্ডের হয়ে খেলবেন না দুই শীর্ষ ক্রিকেটার মার্টিন গাপটিল ও লোকি ফার্গুসন। এই মুহূর্তে ডানেডিনে যেতে চান না তারা, বরং সময় কাটাতে চান পরিবারের সাথেই। তবে ডানেডিনের ম্যাচটা যথারীতি অনুষ্ঠিত হবে। হ্যামিল্টনে নর্দান নাইটস ও সেন্ট্রাল ডিসট্রিক্টের ম্যাচ নিয়েও কোনো সমস্যা নেই। অকল্যান্ডের হাই পারফরম্যান্স ম্যানেজার সাইমন ইসলে বলেন, ‘মার্টিন ও ফার্গুসন - দু’জনই এই মুহূর্তে ডানেডিনে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। অকল্যান্ড ক্রিকেট ও নিউজিল্যান্ড ক্রিকেট তাদের সিদ্ধান্তকে সমর্থন করে। আমরা বুঝতে পারি যে, যেকোনো মুহূর্তে পরিবারই সবার আগে আসে।’