প্রথম টেস্ট জয়ের অপেক্ষায় আফগানিস্তান

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৩৩

স্পোর্টস রিপোর্টার

দেহরাদুন টেস্টের দ্বিতীয় দিনেই জয়ের সুবাস পেতে শুরু করেছে আফগানিস্তান দল। আর আয়ারল্যান্ডের বিপক্ষে এই জয়ের স্বাদটা অন্য যেকোনো কিছুর থেকে আলাদাই হবে। কারণ, এবারই যে প্রথমবারের মত টেস্ট জিতে ফেলবে এশিয়ার এই নব্য ক্রিকেট শক্তি।

দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড করেছে এক উইকেটে ২২ রান। এখনো আফগানিস্তানের চেয়ে ১২০ রান পিছিয়ে আছে সফরকারীরা। এই অবস্থায় আফগানিস্তানকে টপকে আদৌ লিড নিতে পারে কি না বা লিড নিলেও সেটা কত দূর লম্বা হয় এখন সেটাই দেখার ব্যাপার।

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে করেছিল মাত্র ১৭২ রান। শেষ ব্যাটসম্যান টিম মুরটাঘ ৫৪ রানের ইনিংস খেলে আইরিশদের মান বাঁচান। কারণ, মাত্র ৮৫ রানে নয়টি উইকেট হারিয়ে ফেলে একটা সময় ধুঁকছিল তারা। আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট পান ইয়ামিন আহমেদজাই ও মোহাম্মদ নবী। এছাড়া রশিদ খান ও ওয়াকার সালামখেইল দু’টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে আফগানিস্তান দল ব্যাট করে ১০৬.৩ ওভার। এই সময়ে তারা তোলে ৩১৪ রান। প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে টেস্ট সেঞ্চুরির দুয়ারে পৌঁছে গিয়েছিলেন রহমত শাহ। কিন্তু, সেঞ্চুরি থেকে দুই রান বাকি থাকতে মুরটাঘের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। এছাড়া অধিনায়ক আসগর আফগান ৬৭, হাশমতউল্লাহ শাহিদি ৬১ ও ওপেনার মোহাম্মদ শাহজাদ করেন ৪০ রান।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন স্টুয়ার্ট থম্পসন। এছাড়া দু’টি করে উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রাইন, জেমস ক্যামেরন-ডো ও জর্জ ডকরেল। দ্বিতীয় ইনিংসে জবাব দিতে নেমে কোনো রান বোর্ডে যোগ হওয়ার আগেই অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ফিরে যান সাজঘরে। বাকিটা সময় অবশ্য কোনো বিপদ নামতে দেননি পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবির্নি। এই দু’জন যথাক্রমে ৮ ও ১৪ রান করে অপরাজিত আছেন।