স্পোর্টস ডেস্ক
জার্মানির জন্য গেল বছরটি ছিল এতটাই বাজে যে তারা এটিকে ভুলে যেতে পারলেই বাঁচে। কারণ এ বছরটিতে তারা কল্পনাতীতভাবে রাশিয়া বিশ্বকাপ থেকে আগাম বিদায় নিয়েছিল। সেই দুর্দশা কাটিয়ে ওঠার লক্ষ্যে কোচ জোয়াকিম লো’র প্রতিশ্রুতি হলো ‘২০১৯ হবে নতুন শুরুর বছর’।
কোচ জোয়াকিম এ লক্ষ্যকে সামনে রেখেই এ মাসের আন্তর্জাতিক খেলাগুলোর জন্য যে দল গড়ছেন, তাতে আছে তিন নতুন খেলোয়াড়। সার্বিয়ার বিরুদ্ধে ২০ মার্চের প্রীতি ম্যাচ ও এর চারদিন পর আমস্টারডামে অনুষ্ঠিতব্য ইউরো ২০২০ এর বাছাই পর্বে নেদারল্যান্ড এর বিরুদ্ধে খেলার জন্য গত শুক্রবার তিনি ২৩ সদস্যের দল গড়েন। ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন লুকাস ক্লোসটারমান, নিকলাস স্টার্ক ও ম্যাক্সিমিলিয়ান এগেস্টেইন।
জার্মান কোচ এক সংবাদ সম্মেলনে বলেন,‘দায়িত্ব দেয়ার মতো তরুণ খেলোয়াড় আছে আমাদের। এখন আমরা দেখবো তারা কিভাবে এটি সামলায়। আমাদের এরকম খেলোয়াড় আছে যারা এই ভূমিকায় নিজেদের মেলে ধরতে পারে।’
জোয়াকিম লো গেল সপ্তাহে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের তিন খেলোয়াড় জেরোমে বোয়েটাং, ম্যাটস হামেল ও থমাস ম্যুলারকে বাদ দেন। এদের আর কখনো ডাকবেন না বলেও জানিয়ে দেন তিনি।
রাশিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল জার্মানি। এছাড়াও গেল বছরের শেষ দিকে ন্যাশন্স লিগ থেকেও অবনমিত হয়েছিল। কোচ লো’র মতে তিনি খেলার কৌশল পাল্টাবেন বলে এই পরিবর্তন জরুরি ছিল।
অধিনায়ক ম্যানুয়েল নয়্যার, টনি ক্রুস ও ম্যাথিয়াস জিন্টারই হলেন ঘোষিত দলে এখন ২০১৪ বিশ্বকাপে খেলা একমাত্র ফুটবলার। কোচের মতে,‘ইউরো ২০২০ দিয়ে নতুন একটা পর্যায় শুরু হতে যাচ্ছে এবং গেল বছরের ফলাফলের ভিত্তিতে পরিবর্তন জরুরি।’
ইউরো ২০২০ বাছাইপর্বে ‘সি’ গ্রুপে জার্মানি ও নেদারল্যান্ড ছাড়াও আছে নর্দান আয়ারল্যান্ড, বেলারুশ ও এস্তোনিয়া।
জার্মান দল :
গোলরক্ষক : ম্যানুয়েল নয়্যার, মার্ক-আন্দ্রে টার স্টেগান, কেভিন ট্র্যাপ।
ডিফেন্ডার : ম্যাথিয়াস জিন্টার, মার্সেল হালস্টেনবার্গ, থিলো কেহরার, লুকাস ক্লোস্টারমান, আন্টোনিও রুডিগার, নিকো শুলজ, নিকলাস স্টার্ক, নিকলাস সুলে, জোনাথন টাহ।
মিডফিল্ডার : জুলিয়ান ব্র্যান্ডট, ম্যাক্সিমিলিয়ান এগেস্টেইন, সের্গে জনাব্রি, লিঁও গোয়েতশা, ইকায় গুনডোগান, কাই হাভার্টজ, জসুয়া কিমিচ, টনি ক্রুস।
ফরোয়ার্ড : মার্কো রুস, লেরয় সানে, টিমো ওয়ার্নার।
