ঘাড়ে মারাত্মক চোট লেগেছে, কী করবেন?

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১০:০৪
এমন রোগীকে কখনো মাটি থেকে চ্যাংদোলা করে তুলবেন না। ভুলভাবে নাড়াচাড়া করার কারণে যদি শিরদাঁড়ার হাড় বেঁকে মেরুদণ্ডে চোট লাগে তবে পুরো শরীরে পক্ষাঘাত হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। কাপড় মুড়ে ঘাড়ের দুদিকে রেখে এমনভাবে সাপোর্ট দিন যাতে মাথা একটুও না নড়ে। রোগীর শ্বাস-প্রশ্বাস চলছে কি না দেখতে হবে। জিভ ভেতরে ঢুকে গেলে কাপড় দিয়ে টেনে বের করতে হবে। কোথাও কেটে রক্ত বেরোলে হাতের চাপে রক্ত বন্ধ না হলে পরিষ্কার কাপড় দিয়ে মাঝারি চাপে বেঁধে দিতে হবে। যদি রোগীকে সরাতে হয় তাহলে চার-পাঁচজন মিলে ঘাড় থেকে কোমর পর্যন্ত একেকজন একেক জায়গায় সমানভাবে ধরে এমনভাবে সরান যাতে ঘাড় একটুও না নড়ে। এরপর কাঠের পাটাতন বা স্টিলের স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে শুইয়ে যত তাড়াতাড়ি সম্ভব মেরুদণ্ডের চিকিৎসাব্যবস্থা আছে এমন হাসপাতালে নিয়ে যান।