নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন: যশোর সদর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১২:৫৪
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। মামলায় শাহিন চাকলাদার ছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম ও দেয়ারা ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিচুর রহমানসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
 
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ মামলাটি করেছে। মামলায় তার বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গ করে প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে।
 
পুলিশ সুপার আনিসুর রহমান জানান, নির্বাচন কমিশন (ইসি) ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাহীন চাকালাদারের বিরুদ্ধে মামলা করে তা কমিশনকে জানাতে নির্দেশ দেয়। বুধবার রাত সাড়ে ১১টায় ফ্যাক্স বার্তায় এ নির্দেশ আসে।
 
যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আলী রায়হান বলেন, শাহিন চাকলাদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে।