যশোরে চাঁচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বোমা হামলা-সংঘর্ষে ভাজা বিক্রেতা আব্দুস সাত্তার হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছেলে ফারুক হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে এ মামলা করেছেন।
আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা শহরের ষষ্ঠীতলার ইমাম হাসান লাল, হাফিজুর রহমান মরা, তরিকুল ইসলাম, চাঁচড়ার মেম্বর প্রার্থী বিল্লাল হোসেন ও তার ভাই হেলাল হোসেন, শংকরপুরের সুমন, রকি, শামিম, চাঁচড়া রায়পাড়ার ফিরোজ, মুক্তি, চাঁচড়ার লাল্টু, বাবু, জীবন, তানজিল, রাইফুল ইসলাম, ইউসুফ, শাহিন, সুইট, মামুন, বাদশা, আলমগীর ভুইয়া, কানা খোকন, মশিউর রহমান, তাজু, চোরমারা দিঘিরপাড়ের শহিদুল ও ভাষা।
মামলার বিবরণে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র দখল করার উদ্দেশে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আসামিরা চাঁচড়া-ভাতুড়িয়া কেন্দ্রে ১০-১২টি বোমা বিস্ফোরণ এবং ১০-১২ রাউন্ড গুলিবর্ষণ করে। এসম খোলাডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার বিষের মাথায় লেগে মাটিতে পড়ে যান। এ ছাড়া একইসাথে আব্দুল হক, বকুল, নাসির ও মোটা সেলিমসহ আরও কিছু লোকজন আহত হন। স্থানীয় লোকজন সকলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় আব্দুস সাত্তার বিষে মারা গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এঘটনার মামলায় কেউ আটক হয়নি।
