উ. কোরিয়াকে নিবৃত্ত করতে একসঙ্গে কাজ করবে চীন যুক্তরাষ্ট্র

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ২০:২৪
উত্তর কোরিয়া যাতে আর কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালাতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র ও চীন একত্রে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তার এই ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় উত্তর কোরিয়া আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়নহাপ।
 
ওয়াশিংটনে পরমাণু শীর্ষ সম্মেলনের ফাঁকে গত বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ওবামার বৈঠক হয়। দুই দিনের ওই সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের নেতারা পরমাণু অস্ত্রের হুমকি নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। দুই নেতার বৈঠকের পর ওবামা বলেন, যুক্তরাষ্ট্র ও চীন পরমাণু অস্ত্রমুক্ত কোরিয়া উপদ্বীপ দেখতে আগ্রহী। তিনি বলেন, পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষার মতো কর্মকাণ্ডকে কীভাবে নিরুত্সাহিত এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন ঠেকানো যায়, তা নিয়ে দুই নেতা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছেন।
 
একই বিষয়ে মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেছেন ওবামা। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার উস্কানির বিরুদ্ধে আত্মরক্ষা ও তা নিরোধের প্রচেষ্টায় আমরা ঐক্যবদ্ধ।’ ওবামা-জিনপিংয়ের মধ্যকার বৈঠককে ইতিবাচক, গঠনমূলক ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছে চীন। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেং জেগুয়াং বলেন, দুই নেতা বিভিন্ন বিষয়ে খোলামেলা ও বিস্তারিত আলোচনা করেছেন। তারা একটি তাত্পর্যপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন। বিবিসি