লোহাগাড়ায় ১২ প্রার্থীর প্রচার জমে উঠেছে

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৪৯

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

আগামী ২৪ মার্চ লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচন। এই উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস-চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ১২ জন প্রার্থীর প্রচার-প্রচারণা জমে উঠেছে। প্রতীক পাওয়ার পর পরই প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর পুরো উপজেলা। পোস্টারে ছেয়ে গেছে উপজেলার গ্রামীণ জনপদ, পাড়া-মহল্লা ও অলি-গলি। প্রার্থীরা ছুটে চলেছে ভোটারের দ্বারে দ্বারে। জয়লাভের আশায় ও ভোটারদের মন জয়ে সকাল থেকে রাত পর্যন্ত এলাকায় চষে বেড়াচ্ছেন।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণা। চেয়ারম্যান পদে ত্রিমুখী, ভাইস চেয়ারম্যান পদে চতুর্মুখী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল (আনারস), এস.এম. ছলিম উদ্দিন খোকন চৌধুরী (দোয়াত-কলম) ও মাহমুদুল হক পেয়ারু (মোটরসাইকেল)।

অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে এম. ইব্রাহীম কবির (টিউবওয়েল), মো. আরমান বাবু (তালা), মোহাম্মদ মিজানুর রহমান (মাইক), মোহাম্মদ সরওয়ার মামুন (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরীর স্ত্রী জেসমিন আক্তার(কলসি), আবদুল জব্বারের স্ত্রী জেসমিন আক্তার (ফুটবল), শাহীন আক্তার (হাঁস) ও পারভিন আক্তার (প্রজাপতি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।