বকশীগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ শিশুসহ ১৫ জন অবরুদ্ধ

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৪৯

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বকশীগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে চার পরিবারে শিশুসহ ১৫ জন অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রতিবেশী লোকজন চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় তিন দিন ধরে তারা অবরুদ্ধ জীবন-যাপন করছে। আবার একই পরিবারের তিন সদস্য একই কারণে বাসার ভেতরে প্রবেশ করতে পারছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে বড় মসজিদ এলাকায় হামিদুর রহমান, ওমর আলী ও হানিফ মিয়া ১১ শতক জমি কিনে বসতবাড়ি করে। নারী ও শিশুসহ ২০ জন লোক একই বাসায় ৪০ বছর ধরে বসবাস করে আসছে। হামিদুর রহমান গং এর বাসার উত্তরে বিশাল পুকুর। দক্ষিণে শুক্কর আলীর বসতবাড়ি, পূর্বে কালো মিয়ার বসতবাড়ি ও পশ্চিমে রবি সাহার বসতবাড়ি। তিন পাশে বাউন্ডারি ওয়াল করে প্রতিবেশীরা বসতবাড়ি নির্মাণ করেছেন। তিন পাশে চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় প্রতিবেশী আলাল মিয়ার বাড়ির ভেতর দিয়ে নিজ বাড়িতে চলাচল করতেন। ১৪ মার্চ সকালে আলাল মিয়া চলাচলের রাস্তা বন্ধ করে দেন। ফলে বাসার ভেতরে থাকা ১৫ জন লোক অবরুদ্ধ হয়ে পড়ে। তারা নিজ বাসা ছাড়া কোথাও চলাচল করতে পারছে না। স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরাও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে পারছে না।

অবরুদ্ধ পরিবারের পক্ষে হামিদুর রহমান জানান, আমরা তিন ভাই যৌথভাবে বাড়ি করার জন্য ৯ শতক জমি কিনেছি এবং রাস্তার জন্য ২ শতক জমি কিনেছি। কিন্তু প্রতিবেশীরা রাস্তার ২ শতক জমি বেদখল দিয়ে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। রাস্তার জন্য কেনা জমি উদ্ধার হলেই আমাদের পরিবারের জন্য স্থায়ী সমাধান হবে।  

ঘটনার সত্যতা স্বীকার করে বকশীগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রহিমা বেগম জানান, হামিদুরের পরিবারের প্রতি প্রতিবেশীরা অমানবিক আচরণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। তবে সমাধানের জন্য আলোচনা অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, বিষয়টি সমাধানের জন্য আলোচনা চলছে।