নবাবগঞ্জে জমির ভাগ নিয়ে বিরোধ, হামলায় আহত সাত

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৫০

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

নবাবগঞ্জে পৈতৃক বসতঘরের ভাগবাটোয়ারা নিয়ে বড় ভাই মহসিন ও তার শালা রনির হামলায় দুবাই প্রবাসী ভাইসহ সাতজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার গালিমপুর ইউনিয়নের শংকরখালী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রবাসী মিজানুর রহমান অভিযোগে জানান, বাবার রেখে যাওয়া জমি চার ভাই ভাগ করেছেন। এর মধ্যে দুটি ঘর ছিল। একটি বড় ভাই বিক্রি করেছেন। অপরটিও বড় ভাই নিজের দাবি করছিলেন। আমাদের মা সম্প্রতি ঘরটি বিক্রি করেছেন। ঘটনার দিন দিনমজুররা ঘর ভাঙতে আসে। এ সময় বড় ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই এবং তার শালা রনি মিলে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা করে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, দু’পক্ষের অভিযোগ পেয়েছি। ওই পক্ষেরও তিনজন আহত হয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।