খুলনা অফিস
উপজেলা পরিষদ নির্বাচনে খুলনায় দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন: ফুলতলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শেখ আকরাম হোসেন এবং বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আশরাফুল আলম খান। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে দাকোপ উপজেলায় বিনাভোটে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান।
এদিকে, বৃহস্পতিবার জেলার ৯টি উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। দ্বারে দ্বারে গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, খুলনার ৯টি উপজেলার সকল প্রার্থীর মধ্যেই প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। শুক্রবার থেকে জেলার পোলিং, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে, চলবে ২৮ মার্চ পর্যন্ত। তিনি জানান, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনের দু’দিন আগে থেকে ভোট গ্রহণের দু’দিন পর পর্যন্ত জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।
