বগুড়ার সোনাতলা উপজেলায় ইউপি নির্বাচনের দু’দিন পর বিজয়ী ও পরাজিত ইউপি সদস্যদের দুই গ্রুপের সহিংসতায় আহত যুবলীগ কর্মী লিটন মিয়ার (৩০) মৃত্যু হয়েছে।
রবিবার ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লিটন মিয়া উপজেলার দিগদাইড় ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে।
শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে শনিবার (০২ এপ্রিল) দুপুরে সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে একটি বিলের ধানকাটা নিয়ে বিজয়ী মেম্বার আব্দুস সামাদ এবং পরাজিত সেলিমের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে ৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ কর্মী লিটন মিয়ার মৃত্যু হয়।
