ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ০৯:১৪
 
গাজীপুরের কাথোরায় ডাকাতের গুলিতে পরেশ চন্দ্র ঘোষ (৭০) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি সিটি করপোরেশনের কাথোরা এলাকার জোগেশ চন্দ্র ঘোষের ছেলে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতের ওই সময়ে ৭-৮জনের সশস্ত্র ডাকাত দল মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র ঘোষের ভাই নরেশ চন্দ্র ঘোষের (৬৫) ঘরে হামলা চালায়। এ সময় নরেশ এবং তার দুই ছেলে বিধান কৃষ্ণ ঘোষ (৩২) ও মৃণাল চন্দ্র ঘোষকে (২৮) মারধর করে ও কুপিয়ে জখম করে।
 
ঘটনা টের পেয়ে পাশের ঘর থেকে পরেশ চন্দ্র ঘোষ ও তার ছেলেরা ঘুম থেকে ওঠেন। এসময় তারা বারান্দায় এসে চিৎকার শুরু করলে ডাকাতরা গুলি চালায়। এতে কপালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র ঘোষ। পরে ডাকাতরা স্বর্ণের গহনা ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। আহত নরেশ ও তার দুই ছেলেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।