আদমদীঘি থানা ভবনে ফাটল ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২২:০২

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘি থানা বিশাল আকারে ফাটলের দেখা দিয়েছে। এ দ্বিতল ভবনটির দেয়াল ফেটে হেলে গেছে। যে কোনো সময় এ ভবনটি ধসে দুর্ঘটনা ঘটতে পারে।

ইউক্যালিপটাস গাছের গুঁড়ি দিয়ে ছাদে ঠেস দিয়েছে থানা কর্তৃপক্ষ। ঝুঁকি নিয়ে চলাচল করছে পুলিশ কর্মকর্তাসহ থানায় আসা জনসাধারণ।

থানা সূত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘির থানায় ফাটল দেখা দেওয়া ভবনটি ২৯-৩০ বছর পূর্বে সরকারিভাবে নির্মাণ করা হয়। হঠাত্ করে গত ১৪-১৫ দিন পূর্বে থেকে থানার দ্বিতল ভবন এস আই অফিস রুমের পশ্চিম-দক্ষিণ কর্ণারের দেয়ালে ফাটল দেখা দেয়। এমন অবস্থায় থানা প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে গণপূর্ত বিভাগের প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি নিরাপদ নয় বলে বলে জানিয়ে দেন। এমতাবস্থায় এসআই অফিস রুমের সকল এসআই থানা ভবনের বাহিরে পুরাতন পরিত্যক্ত ভবনে কার্যক্রম চালাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, দ্বিতল ভবনের দেয়াল ফেটে সরে যাচ্ছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, দ্বিতল ভবনটির দেয়াল হেলে যাচ্ছে সে কারণে অফিসারদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। জরুরিভাবে সংস্কার করা প্রয়োজন। না হলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।