পানামা পেপারস: নতুন নির্বাচনের ঘোষণা আইসল্যান্ডে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২০:০৮
একটি বিদেশি কোম্পানিতে প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগের কথা ফাঁস হয়ে যাওয়ার পর পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী।
 
পানামা পেপার্স ফাঁস হয়ে যাওয়ার পর প্রথম কোন দেশে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেয়া হল।
 
সম্প্রতি পানামার একটি ল’ ফার্মের এক কোটি দশ লাখ গোপন নথি ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশ্বের ধনী আর ক্ষমতাধর ব্যক্তিরা কোন্ কৌশলে কর ফাঁকি দিয়ে গোপন সম্পদের পাহাড় গড়েছেন গোপন নথিগুলো থেকে বেরিয়ে আসছে সেই তথ্য।
 
এর আগে প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসনের পদত্যাগের দাবিতে দেশটির পার্লামেন্টের বাইরে হাজারো মানুষ বিক্ষোভ দেখান। পানামা থেকে ফাঁস হওয়া গোপন নথিতে তার নাম রয়েছে।
 
স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানায় থাকা কোম্পানি উইনট্রাসের বিস্তারিত প্রকাশ্য হয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে তার সরে যাওয়ার বিষয়টি সামনে চলে আসে।
 
তবে প্রধানমন্ত্রী গুনলাগসনের দাবি, তিনি কোনো আইন ভঙ্গ করেননি এবং তার স্ত্রী আর্থিকভাবে লাভবানও হননি।
 
ফাঁস হওয়া নথিতে দেখা যাচ্ছে, অ্যাইসল্যান্ডের প্রধানমন্ত্রী একটি বিদেশি কোম্পানির মাধ্যমে দেশের ব্যাংকগুলোতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। সূত্র: বিবিসি